লালপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শতবর্ষী বৃদ্ধের
নাটোরের লালপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় মো. মান্নান মিয়া নামের শতবর্ষী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ভেল্লাবাড়ীয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মান্নান উপজেলার নগরকয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে ভেল্লাবাড়ীয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক মান্নানকে ধাক্কা দেয়।
এতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাঘা বাস টার্মিনাল এলাকায় মৃত্যু হয় তার।
দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক।
তিনি জানান, ওই ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট