রামগতি-কমলনগর উপকূলে প্রচণ্ড ঝোড়ো বাতাস-বৃষ্টি, উত্তাল মেঘনা

রামগতি-কমলনগর উপকূলে প্রচণ্ড ঝোড়ো বাতাস-বৃষ্টি, উত্তাল মেঘনা

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের কারণে লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চল রামগতি ও কমলনগর উপজেলার মেঘনার তীরে ঝোড়ো বাতাসের সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো বাতাস। এতে উত্তাল হয়ে উঠেছে মেঘনার পানি।


নৌপথ ও সমুদ্রপথ কিছুটা বিপজ্জনক হয়ে উঠেছে। নদীর মাঝখানে থাকা ট্রলার ও নৌকাগুলো সরিয়ে নদীর তীরের ঘাটে ভেড়ানো হচ্ছে।
রামগতি আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের প্রভাবে সাগর কিছুটা উত্তাল রয়েছে। এর প্রভাব পড়েছে মেঘনা নদীতে।


সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 
লক্ষ্মীপুরসহ উপকূলীয় এলাকায় দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি, বজ্রপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

রামগতি মাছঘাটের ব্যবসায়ী মো. লোকমান হোসেন বলেন, নদীতে সাগরের মতো ঢেউ উঠেছে এবং একই সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ফলে নিম্ন আয়ের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছেন।


এছাড়া স্বাভাবিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমেছে। ব্যবসা প্রতিষ্ঠানেও পড়েছে এর প্রভাব।
রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বাসিন্দা ও সংবাদকর্মী গোলাম রাব্বানী বলেন, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মেঘনা নদী ভয়াবহ উত্তাল হয়ে উঠেছে। সঙ্গে রয়েছে প্রচণ্ড দমকা হাওয়া।


এতে দোকানপাটে লোকজনের আনাগোনা একেবারে কম। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়।
রামগতি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. সোহরাব হোসেন কালের কণ্ঠকে বলেন, রাতে ভারি বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ ৭০-৮০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে দমকা হাওয়া বয়ে যেতে পারে। উপকূলীয় অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন কালের কণ্ঠকে বলেন, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী মেঘনা নদীতে থাকা ট্রলার-নৌকাসহ তীরবর্তী মানুষগুলোকে আমরা নির্দেশনা প্রদান করেছি। সতর্কতা হিসেবে জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বাড্ডায় নিয়ন্ত্রণ হারিয়ে মিক্সার ট্রাক শোরুমে, চালকের মৃত্যু পরবর্তী

বাড্ডায় নিয়ন্ত্রণ হারিয়ে মিক্সার ট্রাক শোরুমে, চালকের মৃত্যু

কমেন্ট