সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ: আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিজ বাড়িতে ব্যবসায়ী খুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউকে হাজি আলম মিয়া (৬০) নামের এক ব্যবসায়ী নিজ বাড়িতে খুন হয়েছেন। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের মুন্সিপাড়ার নিজ ঘর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আলম মিয়া মুন্সিপাড়ার ওয়াহেদ আলীর ছেলে ও স্থানীয় ফান্দাউক বাজারের ব্যবসায়ী।
নিহতের বড় বোন আউলিয়া বেগম জানান, বুধবার সকালে আলম মিয়া ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় তাদের।
দুপুরে ঘরের পেছনে গিয়ে দেখেন টিনের চালা ভাঙা। এ সময় দরজা ভেঙে তারা ভেতরে প্রবেশ করে তার রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর হবিগঞ্জের লাখাই উপজেলার মানপুর গ্রামের আমেনা বেগমকে বিয়ে করেন আলম মিয়া।
তবে বিয়ের পর থেকেই সন্তান নেওয়া নিয়ে দাম্পত্য জীবনে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে সম্পর্কের টানাপড়েন চলতে থাকার একপর্যায়ে স্বর্ণালংকার ও টাকা নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে যান আমেনা। ওই ঘটনায় আলম মিয়া আদালতে মামলা করেছিলেন। তবে চার দিন আগে আত্মীয়-স্বজনের সহযোগিতায় বিষয়টির মীমাংসা হলে আলম ও আমেনা আবারও একসঙ্গে বসবাস শুরু করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহার ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত, সেটা জানতে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
কমেন্ট