সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ: আইনমন্ত্রী
খাগড়াছড়িতে হঠাৎ বন্যা, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিচু এলাকা প্লাবিত
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। হঠাৎ বন্যায় শহরের নিচের বাজার, মেহেদীবাগ, গঞ্জপাড়াসহ আশপাশের কয়েকশ ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন খাগড়াছড়ি শহর ও শহরতলীর বাসিন্দারা।
শনিবার দিবাগত রাতে কয়েক ঘণ্টার বৃষ্টির সঙ্গে উজানে পানছড়ি ও পার্শ্ববর্তী এলাকায় ভারি বর্ষণের পর আজ রবিবার সকাল ১০টার দিকে চেঙ্গী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকে।
দুপুরের মধ্যে আকস্মিকভাবে নদীর দুই কুল উপচে পানি প্রবাহিত হয় নিচু এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে হঠাৎ পানি বাড়তে থাকায় বহু ঘরে পানি ঢুকে আসবাবপত্রসহ গৃহস্থালির জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়েন।
খাগড়াছড়ি শহরতলীর বটতলা বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, বৃষ্টি না থাকায় সকালে কিছু বুঝতে না পারলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি দ্রুত বাড়তে থাকে।
বেশ কয়েকটি দোকানে পানি ঢুকেছে।
খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সারাদিনই আকাশ রৌদ্রোজ্জ্বল। তবুও উজানে ভারি বর্ষণের কারণে আকস্মিক এ বন্যার সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্গতদের সহায়তায় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চলছে।
তবে, এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) পানি কমতে শুরু করেছে।
কমেন্ট