চট্টগ্রামে হাতির জন্য পাতা ফাঁদে প্রাণ গেল তরুণের

চট্টগ্রামে হাতির জন্য পাতা ফাঁদে প্রাণ গেল তরুণের

চট্টগ্রামে আনোয়ারায় হাতির জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরো দুজন। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি পাহাড় সংলগ্ন এক্কুদ্দা এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম জাহেদ খান (১৮)।


আহতরা হলেন আমির খান (২০) ও মেহেরুন্নেসা বাহান্নী (৩৫)। নিহত জাহেদ খান ওই এলাকার আব্দুল হাফেজের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে তিনি কৃষিকাজ ও গৃহপালিত পশু দেখাশোনা করতেন। নিহতের খালাতো ভাই শাকিল বলেন, ‘প্রতিদিনের মতো জাহেদ গরু নিয়ে বিলে যায়।


এ সময় তিনি স্থানীয় জাফর মাস্টারের ছেলের স্থাপন করা বৈদ্যুতিক ফাঁদের সংস্পর্শে আসেন এবং বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে আমির ও মেহেরুন্নেসা আহত হন।’
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহেদকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঁশখালী জলদি রেঞ্জের বন কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘হাতির আক্রমণ ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ বসানো সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ।

এ ধরনের কার্যক্রম প্রাণহানির ঝুঁকি তৈরি করে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, বিকেল ৩টায় উপজেলার বরুমচড়ায় পাকা দালানের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হানিফ (২০) নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামের হায়দার আলীর বাড়ির আবু তাহেরের ছেলে।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাছির জাহেদ বলেন, ঘটনার পর তাদের হাসপাতালে আনা হলেও আগেই তাদের মৃত্যু হয়।


এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, বৈরাগের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এছাড়া বরুমচড়ার ঘটনাটি শুনেছি এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।

 

সুন্দরবনে মাছ ধরতে যাওয়ার পথে ৯ বোতল বিষসহ আটক ২ পরবর্তী

সুন্দরবনে মাছ ধরতে যাওয়ার পথে ৯ বোতল বিষসহ আটক ২

কমেন্ট