কাশিয়ানীতে মেটাল কারখানা বন্ধের দাবি, এলাকাবাসীর মানববন্ধন
গোপালগঞ্জের কাশিয়ানীতে অবস্থিত এমএস মেটাল কারখানা বন্ধের দাবি জানিয়েছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা চত্বরে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মো. মফিজুর রহমান আপনের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য দেন মো. মফিজুর রহমান আপন, কলেজছাত্র মো. হাবিবুর রহমান, স্কুলছাত্র আবু রায়হান, ছাত্রী চাদনী, সিনতিয়া রহমান প্রমুখ।
বক্তারা বলেন, কারখানায় পুরনো ও নষ্ট ব্যাটারি পুড়িয়ে সিসা গালানো হয়। এতে বিষাক্ত কালো ধোঁয়া, রাসায়নিক বর্জ্য ও অ্যাসিডের উৎকট গন্ধ ছড়িয়ে পড়ে, যা পরিবেশ ও জনজীবনকে বিপন্ন করে তুলছে। এ ছাড়া অনেকেই অ্যাজমা, শ্বাসকষ্ট, ত্বকের রোগ, মাথা ও অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে। ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর কারখানা বন্ধের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
কমেন্ট