নারায়ণগঞ্জে আইনজীবী সমিতির ভবন থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে নিচে পড়ে এক ঠিকাদার মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির।
নিহত ৪৫ বছর বয়সি রিপন মিয়া ভোলার লালমোহন উপজেলার মোস্তফা কবিরাজের ছেলে। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় বসবাস করতেন। তিনি ভবনটির বর্ধিত অংশের নির্মাণকাজে নিয়োজিত রাজমিস্ত্রিদের ঠিকাদার ছিলেন।
আইনজীবী ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ও দায়রা জজ আদালত ভবনের পাশে আইনজীবী সমিতির ভবনটি দ্বিতীয় তলা পর্যন্ত সম্পন্ন হয়েছে আগেই। ভবনটি বর্ধিত করার কাজ চলছে।
ঘটনার সময় সেখানে কাজ করছিলেন রিপনের ছোট ভাই রাজমিস্ত্রি ইমাম হোসেন। তিনি বলেন, তার ভাইও একজন রাজমিস্ত্রি। তার অধীনেই তিনি এবং অন্য রাজমিস্ত্রিরা কাজ করছিলেন।
“আমরা পঞ্চম তলায় কাজ করছিলাম। রিপন ভাই ক্রেন দিয়ে মালামাল ওঠা-নামার তদারকি করছিলেন। হঠাৎ ক্রেন চালু হওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁকুনিতে ব্যালান্স রাখতে না পেরে তিনি নিচে পড়ে যান”, বলেন ইমাম।
দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান অ্যাডভোকেট সরকার হুমায়ূন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানজিলা হারুন বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন অংশ ভেঙে গেছে।”
কমেন্ট