ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ভোলায় বিএনপি ও বিজেপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশ সাংবাদিকসহ উভয় দলের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে ৮ থেকে ১০টি মোটরসাইকেল। আজ শনিবার শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম সংবাদ সম্মেলনে জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কুচক্রী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা বিএনপি একটি মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাংলা স্কুল মোড়ে পৌঁছালে অপর দিক থেকে আসা বিজেপির মিছিলের মুখোমুখি হয়। একপর্যায়ে কে বা কারা বিএনপির মিছিলে ঢিল ছুড়লে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
অন্যদিকে, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ বলেন, গরুর গাড়ি প্রতীকে ভোট চেয়ে বিজেপির পক্ষ থেকে শান্তিপূর্ণ মিছিল বের করা হলে বিএনপি তাদের ওপর হামলা চালায়। এতে তাদের বহু নেতা-কর্মী আহত হন। আহতদের মধ্যে আটজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কমেন্ট