ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় সেতুর নিচে থেকে এক ব্যক্তির মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীর রেলসেতুর নিচ থেকে আব্দুস সাত্তার (৭০) নামে এক ব্যক্তির মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে কুমারখালীর লাহিনীপাড়া এলাকার সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহত সাত্তার পাবনার সুজানগর থানার শ্যামনগরের আবু বক্করের ছেলে। পকেটে থাকা একটি প্রেসক্রিপশনের সূত্র ধরে নিহতের পরিচয় খুঁজে বের করে পুলিশ। আজ বিকেলে মরদেহটি শনাক্ত করেন তার ছেলে উজ্জ্বল খাঁ। পরে ময়নাতদন্তের জন্যে মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ভোর সাড়ে চারটার দিকে নকশী কাঁথা ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে।
এসব তথ্য জানিয়েছেন কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে গড়াই নদীর ওপর নির্মিত লোহার রেলসেতুর নিচে এক বৃদ্ধের মাথা বিচ্ছিন্ন মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা কুমারখালী থানা পুলিশকে জানান। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশে খবর দেয়। এরপর দুপুর একটার দিকে মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
নিহত আব্দুস সাত্তারের ছেলে উজ্জ্বল খাঁ বলেন, ‘বাবা সোমবার সকালে বাড়ি থেকে বেড়িয়েছিলেন ফরিদপুরের মধুখালী বোনের বাড়ি যাওয়ার জন্য। কিন্তু সেখানে যাননি। পরে আজ জানলাম ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।’
কমেন্ট