মাদক মামলায় কক্সবাজারে দুজনের মৃত্যুদণ্ড
কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাসহ দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে একজনকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলা থেকে বেকসুর খালাস পাওয়া আবদুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট সালাহ উদ্দীন আহম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুলু মিয়ার ছেলে আবদুল গফুর (৩৫) ও মৃত মোহাম্মদ আলমের ছেলে মো. আইয়ুব প্রকাশ তৈয়ব। একই মামলায় রামু উপজেলার রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমানকে খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার (পিপি) সিরাজুল ইসলাম জানান, ২০২০ সালের ২ মার্চ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ইয়াবা ও একটি মাইক্রোবাসসহ ৫ জনকে আটক করে। এ ঘটনায় রামু থানায় ডিবির তৎকালীন পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে একই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে বিচারকার্যক্রম শুরু করে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ এ রায় ঘোষণা করেন আদালত।
আদালতের পিপি বলেন, বিচারকার্য চলাকালে ৫ জনই জামিনে ছিলেন। তাদের মধ্যে বর্তমানে ৪ জন পলাতক।
কমেন্ট