ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে মাইকিং, চারটি ভেকুতে আগুন দিল স্থানীয়রা

ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে মাইকিং, চারটি ভেকুতে আগুন দিল স্থানীয়রা

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে মধ্যরাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চারটি এক্সকাভেটর (ভেকু) গাড়িতে আগুন দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের উজানখলসী বিলে এ ঘটনা ঘটে।

এক্সকাভেটর চালকদের দাবি, আগুনে চারটি গাড়ির প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত গাড়িগুলোতে আগুন জ্বলতে দেখা যায়।


এর আগে রবিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় প্রায় আধা ঘণ্টা পুকুর খননকাজ বন্ধ থাকলেও প্রশাসন চলে যাওয়ার পর আবারও খননকাজ শুরু হয় বলে অভিযোগ স্থানীয়দের।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, এসিল্যান্ডের অভিযান ছিল লোকদেখানো। দায় এড়ানোর জন্যই অভিযান চালানো হয়েছে।


প্রশাসন চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই খননকারীরা পুনরায় কাজ শুরু করে। আগে দুইটি এক্সকাভেটর থাকলেও সোমবার নতুন করে আরো তিনটি গাড়ি নামানো হয়।
স্থানীয়রা জানান, পুকুর খননকারীরা এই উপজেলার বাসিন্দা নন। তারা পার্শ্ববর্তী তাহেরপুর পৌর এলাকার বাসিন্দা ও প্রভাবশালী হওয়ায় প্রশাসনের হস্তক্ষেপে খনন বন্ধ করা সম্ভব হয়নি।


এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা একত্রিত হয়ে এক্সকাভেটরগুলোতে আগুন দেয়।
মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন দেওয়ার পর আপাতত পুকুর খননকাজ বন্ধ রয়েছে। প্রায় ৫০ বিঘা ফসলি জমি ঘিরে পুকুর খনন করা হচ্ছিল। সেখানে পাঁচটি এক্সকাভেটর থাকলেও আগুন দেওয়া হয় চারটিতে। পুকুর খননের সঙ্গে তাহেরপুর পৌর এলাকার ব্যবসায়ী বেলাল হোসেন জড়িত বলে জানা গেছে।


একজন এক্সকাভেটর চালক জানান, রাত ১টার দিকে বিল সংলগ্ন দুই থেকে তিনটি মসজিদে একযোগে মাইকিং করা হয়—‘অবৈধ পুকুর খনন ঠেকাতে সবাই বিলে নেমে আসুন। খননকাজ বন্ধে প্রতিহত করুন।’ এরপর এলাকাবাসী এসে গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ বিষয়ে পুকুর খননকারী বেলাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে উপজেলার ঝিনাইয়ের মোড়, কয়ামাজমপুর, সুখানদিঘী, উজানখলসী ও মাড়িয়াসহ বিভিন্ন এলাকায় নতুন করে পুকুর খনন শুরু হয়েছে বলে অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সাময়িকভাবে কাজ বন্ধ করলেও পরে আবার খনন শুরু হচ্ছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, ‘ওই বিলে কাজ বন্ধ করে দেওয়ার পর আবার শুরু হয়েছে—এমন অভিযোগ পেয়েছি। বর্তমানে নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় তাৎক্ষণিক অভিযান দেওয়া সম্ভব হয়নি।’

তিনি আরো বলেন, ‘এর আগে অনেক পুকুর খনন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। জেল, জরিমানা ও গাড়ির ব্যাটারী জব্দ করা হয়েছে। অবৈধ পুকুর খননের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।’

গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ৫ পরবর্তী

গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ৫

কমেন্ট