নীলফামারীতে ট্রাকের চাকা বিস্ফোরণে প্রাণ গেল অটোরিকশাচালকের
নীলফামারীর জলঢাকা উপজেলায় চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণে আব্দুল মজিদ (৫০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাতে থাকা দুই ভাই-বোন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ডোমার-ডিমলা আঞ্চলিক সড়কের জলঢাকা উপজেলার দুন্দিবাড়ী সাইটেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জলঢাকা উপজেলার ক্লাবেরপাড় এলাকার আজিজার রহমানের ছেলে।
আহতরা হলেন স্নেহা (১২) ও রিহান (১৫)। তারা সম্পর্কে ভাই-বোন এবং একই এলাকার মোজাহার হোসেনের সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মালবাহী একটি ট্রাক চলন্ত অবস্থায় হঠাৎ পেছনের একটি চাকা বিস্ফোরিত হয়। এতে ট্রাকের পাশ দিয়ে যাওয়া একটি অটোরিকশা উল্টে যায়।
এ সময় অটোরিকশাচালক আব্দুল মজিদ ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত স্নেহা ও রিহান গুরুতর অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে অটোরিকশাতে থাকা শিশুদের মা রেবা বেগম অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, ‘নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’
কমেন্ট