জাজিরায় দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

জাজিরায় দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানাধীন এলাকায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোল চত্বর সংলগ্ন জমদ্দার স্ট্যান্ড (কালু বেপারী কান্দি) আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্টার এক্সপ্রেস বাসের চালকের সহকারী আকাশ সরদার (৩১) ও সুপারভাইজার ইউনুস মোল্লা (৪০)।


তারা দুজনই গোপালগঞ্জ জেলা সদরের বাসিন্দা।
পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ও শিবচর হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী খান পরিবহনের একটি বাস যাত্রী তুলতে জমদ্দার স্ট্যান্ডে আন্ডারপাসের ওপর সড়কের পাশে দাঁড়ায়। এ সময় পেছন দিক থেকে একই পথে আসা স্টার এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে খান পরিবহনের বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আকাশ সরদার নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় স্টার এক্সপ্রেসের সুপারভাইজার ইউনুস মোল্লাকে শিবচর সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে প্রায় ৩০-৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।


পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, অতিরিক্ত গতির কারণে স্টার এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা খান পরিবহনের বাসে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। বাস দুটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই।


দুর্ঘটনাটি আনুমানিক বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ঘটে। ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হয়েছেন অন্তত ১০ জন। যেহেতু এটি হাইওয়ে এলাকা, বিষয়টি হাইওয়ে পুলিশের আওতাধীন। বাস দুটি আমাদের থানার সামনে ডকে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

চারদিন পর আখাউড়া বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু পরবর্তী

চারদিন পর আখাউড়া বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

কমেন্ট