গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে নামলেন সিটি প্রশাসক

গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে নামলেন সিটি প্রশাসক

পরিচ্ছন্ন মহানগর গড়ার লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নেমেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। সোমবার (৩০ মার্চ) সকালে গাজীপুর শহরের রেললাইনের দুই পাশে গড়ে ওঠা অবৈধ ফল মার্কেট উচ্ছেদের মধ্য দিয়ে এই অভিযানের সূচনা হয়।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গাজীপুরের জয়দেবপুর রেলক্রসিং থেকে শুরু করে ভোগড়া চৌরাস্তা পর্যন্ত ঢাকা-গাজীপুর সড়কের দুই পাশে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা প্রশাসকের নেতৃত্বে অভিযানে উচ্ছেদ করা হয়েছে। ইতোপূর্বে একাধিকবার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও প্রভাবশালী চাঁদাবাজ চক্রের কারণে তা স্থায়ী রূপ পায়নি।


এবার প্রভাবশালী মহলের বাধা উপেক্ষা করে স্থায়ীভাবে শহরকে দখলমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
এ প্রসঙ্গে প্রশাসক শওকত হোসেন সরকার জানান, বর্তমান প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি গ্রিন সিটি’ কর্মসূচির আওতায় গাজীপুর শহরকে পরিষ্কার, সুন্দর ও যানজটমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে কঠোর অবস্থান থাকবে সিটি প্রশাসন। 

সরকারি জায়গা দখল করে যারা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন, তাদের বৈধ উপায়ে ব্যবসা করার জন্য পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।


তবে কোনোভাবেই সড়কে বা ফুটপাত দখল করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে দেওয়া হবে না বলে তিনি জানান।

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ পরবর্তী

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কমেন্ট