ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় ক্রেতাকে মারধর, ২ কসাই কারাগারে

ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় ক্রেতাকে মারধর, ২ কসাই কারাগারে

লক্ষ্মীপুরের কমলনগরে গরুর মাংস ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় ক্রেতাকে মারধরের ঘটনায় করা মামলায় দুই কসাইয়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল কমলনগর আদালতের সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার তোরাবগঞ্জ বাজারের গরুর মাংসের ব্যবসায়ী মো. বাহার ও তার ছেলে মো. সাহেদ। ভুক্তভোগীর নাম নুরুল ইসলাম।


তিনি উপজেলার চর কালকিনি ইউনিয়নের চরসামসুদ্দিন গ্রামের আবদুল হকের ছেলে।

 
এপিপি আমজাদ জানান, ভুক্তভোগী গরিব মানুষ। মাংস কিনতে গেলে আসামি ওজনে কম ও চর্বি বেশি দেয়। এর প্রতিবাদ করায় আসামিরা ভুক্তভোগীকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।


ঘটনার ৩ দিন পর থানায় তিনজনকে আসামি করে মামলা করলেও কেউ গ্রেপ্তার হয়নি। এরমধ্যে দুই আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন চায়। আদালতের বিচারক আরিফুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
মামলা সূত্র জানায়, ভুক্তভোগী নুরুল ইসলাম তার ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য গত ২৬ মার্চ কসাই বাহারের দোকানে মাংস কিনতে যান।


মাংস কাটার সময় অতিরিক্ত হাড় ও চর্বিসহ ওজনে কম দেওয়ার বিষয়টি তিনি লক্ষ করেন। এতে তিনি প্রতিবাদ করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে বাহার, তার ছেলে সাহেদ ও দোকানের কর্মচারীরা নুরুল ইসলামকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে। এতে তিনি ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার তিন দিন পর গত ২৯ মার্চ দুপুরে নুরুল ইসলামের বাবা আব্দুল হক বাদী হয়ে মামলা করেন। 
 

রাস্তা পারাপারের সময় অটোভ্যানের চাপায় শিশু নিহত পরবর্তী

রাস্তা পারাপারের সময় অটোভ্যানের চাপায় শিশু নিহত

কমেন্ট