সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানিমন্ত্রী
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর, স্বামী আহত
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিতা বেগম (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তার স্বামী আবু কাশেমও। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে ধানক্ষেতে পানি দেওয়ার উদ্দেশ্যে সেচ মোটর চালু করার সময় রিতা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তার স্বামী আবু কাশেমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রিতা বেগমকে মৃত ঘোষণা করেন এবং আবু কাশেমকে চিকিৎসা দেওয়া হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাঁখের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কমেন্ট