কুমিল্লায় দেয়ালচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় দেয়ালচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

কুমিল্লার দেবীদ্বারে মাদরাসায় দেয়াল চাপায় সিফাত নামের (১১) এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় নিহত সিফাতের বাবা বাদী হয়ে মঙ্গলবার (১৪ অপ্রিল) দেবীদ্বার থানায় তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন। 

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পৌর এলাকার ছোট আলমপুর ব্রয়লার সংলগ্ন আব্দুল হাকিম খানের ৫ তলা ভবনে, হাফেজ মাওলানা আনিসুর রহমানের ভাড়ায় পরিচালিত ‘মাদরাসা কা-শিফুল উলুম’র নিচতলায় ওই দুর্ঘটনা ঘটে।

মৃত সিফাত (১১) উপজেলার বড়শালঘর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বড়শালঘর গ্রামের ব‍্যবসায়ী মাসুম আহমেদের ছেলে।


সে ওই মাদরাসারই হেফজ শ্রেণির শিক্ষার্থী ছিল।
মামলার আসামিরা হলেন ওই মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আনিসুর রহমান, হাফেজ মাওলানা আজিজুর রহমান এবং হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান। ঘটনার পর থেকে ওই তিন শিক্ষকই পলাতক রয়েছেন। 

স্থানীয়রা জানায়, মাদরাসা কা-শিফুল উলুমের ভেতরে একটি পার্টিশান (পুরাতন) দেয়াল মিস্ত্রিদের সঙ্গে ছাত্রদের দিয়ে নিচের অংশে পিটিয়ে ভাঙার সময় হঠাৎ দেয়ালটি ওই শিক্ষার্থীর ওপর পড়ে মাথার মগজ বেরিয়ে মারাত্মক আহত হয়।


অভিযোগ উঠেছে, মাদরাসা কর্তৃপক্ষ পেশাদার শ্রমিক নিয়োগ না করে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে এই ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছিল। কাজ চলাকালে দেয়ালের একটি বড় অংশ আচমকা সিফাতের গায়ের ওপর ধসে পড়ে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই মাদরাসার শিক্ষার্থী রায়হান ও সাইদুল জানায়, এ মাদরাসায় ১১৪ জন শিক্ষার্থী আছে।


এদের মধ‍্যে আমরা ১৮ জন হোস্টেলে থাকি। শিক্ষক রয়েছেন তিনজন। 
নাম না প্রকাশের শর্তে ওই ভবনের এক ভাড়াটিয়া জানান, গত ৪ দিন ধরে মাদরাসার হোস্টেলের শিক্ষার্থীদের দিয়ে ইট আনা-নেওয়াসহ বিভিন্ন কাজ করাচ্ছিল। যা মাদরাসার সিসি ক‍্যামেরার ফুটেজ দেখলেই প্রমাণ মিলবে।

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, দেয়াল চাপা থেকে উদ্ধার করে শিশুটিকে দ্রুত হাসপাতালের নিলে চিকিৎসার সুযোগ পেত, কিন্তু শিক্ষক আনিস আহত শিক্ষার্থীকে ফেলে রেখে মেঝের রক্ত পরিষ্কারে ব্যস্ত ছিলেন।


এ সময় শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়। 
স্থানীয় বাসিন্দা যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ বলেন, এটা দুর্ঘটনা নয়, এটা হত‍্যা। তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

তিনি আরো বলেন, এ এলাকায় মাত্র ৫ শত গজের মধ‍্যে ১৫টি মাদরাসা রয়েছে। অধিকাংশ মাদরাসার শিক্ষকদের বিরুদ্ধে বলাৎকার, ছাত্রী ধর্ষণ, ছাত্রদের দিয়ে শিক্ষকদের কাপড় ধোয়া, মাদরাসার বিভিন্ন কাজ করানো, কালেকশন (ভিক্ষাবৃত্তি) এবং সরকারি অনুদান নেওয়ার অভিয়োগ রয়েছে। পার্শ্ববর্তী মাদরাসার এক পরিচালক ছাত্রী ধর্ষণের অভিযোগে জেলও খেটেছেন। এসব মাদরাসার কোনো নিরাপত্তা, নীতিমালা বা শৃঙ্খলার নিয়ন্ত্রণে নেই।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ওই ঘটনায় নিহতের বাবা মো. মাসুম বাদী হয়ে কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগ এনে তিন শিক্ষককে অভিযুক্ত করে মামলা করেছেন। আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।’

 

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন পরবর্তী

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন

কমেন্ট