আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে ১ কোটি ২৩ লাখ কোরবানিযোগ্য পশু আছে : প্রাণিসম্পদমন্ত্রী
মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ২
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং আরো দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২ মে) বিকেল ৪টার দিকে উপজেলার রাজপাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নাজমুল হাসান (৫৫)। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বাসিন্দা এবং এ এস এম আব্দুল লতিফের ছেলে।
তিনি বাংলাদেশ নৌবাহিনীর একজন স্টাফ হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানের দুই আরোহী—রেজিনা বেগম (৩০) ও রফিক (৭৫)। রেজিনা বেগম রাজপাট এলাকার মুসা শেখের স্ত্রী এবং স্থানীয় একটি কমিউনিটি ক্লিনিকে কর্মরত। অপরদিকে রফিক নাশুখালী এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে এবং পেশায় ভ্যানচালক।
স্থানীয়রা জানান, সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হাসান মারা যান। আহত রেজিনা বেগম ও রফিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান জানান, দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান, সেখানে মোটরসাইকেল আরোহী নিহত হন।
এ ছাড়া ভ্যানচালক ও যাত্রী গুরুতর আহত ও চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ভ্যান আরোহী মহিলার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
কমেন্ট