কুষ্টিয়ায় দরবার শরিফের খাদেমের ওপর হামলা
কুষ্টিয়ার দৌলতপুরে কামাল হোসেন (৪০) নামে এক দরবার শরিফের খাদেমের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় আহত খাদেম নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শনিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার মথুরাপুর বাজার সংলগ্ন হযরত শাহ রউফ দরগাহ শরিফের ভেতরে এ হামলা হয়। আহত খাদেম উপজেলার মথুরাপুর দরগাতলা এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, দরগাহ শরিফে প্রতিবছর বৈশাখের ২৯, ৩০ এবং ১ জ্যৈষ্ঠ ওরশ অনুষ্ঠিত হয়। আসন্ন ওরশকে সামনে রেখে আয়োজনের প্রস্তুতিকালীন সময়ে এই হামলা হয়।
ওরশকে কেন্দ্র করে দরবার এলাকায় একটি মেলা বসে। আর সেই মেলার কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, মৃত রহিম বক্স বিশ্বাসের ছেলে আমিরুল বিশ্বাস (৫৫), হাকিম বিশ্বাসের ছেলে উকিল বিশ্বাস (৪৫), আমিরুল বিশ্বাসের ছেলে সালাম বিশ্বাস এবং উকিল বিশ্বাসের স্ত্রী বুলবুলি খাতুন (৩৫) দেশীয় লাঠি ও পাইপ দিয়ে খাদেম কামাল হোসেনের ওপর হামলা চালান।
এ সময় কামালকে উদ্ধার করতে গেলে তার বোন রিতা খাতুনকেও (৩৫) মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খাদেম কামাল হোসেন জানান, তিনি চার বছর ধরে ওই মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তার দাবি, আসন্ন ওরশ শরীফ ও মেলার কমিটি নিয়ে বিরোধের কারণে হামলা হতে পারে।
তিনি অভিযোগ করে বলেন, হামলার সময় আমার বোন রিতা খাতুন আমাকে উদ্ধার করতে এলে তাকেও মারধর করা হয়। এ সময় তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের হার ছিনিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খাদেমের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট