সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ: আইনমন্ত্রী
কিশোরগঞ্জে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হানিফ মিয়া (৩৫) নামের এক কাঠ ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।
তবে মূল অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার ফরিদপুর এলাকায় ফসলি জমি থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত হানিফ মিয়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। এদিকে কাঠ ব্যবসায়ী হানিফকে হত্যার ঘটনা এলাকায় জানাজানি হলে সকালে এলাকাবাসী জড়ো হয়ে জাকির হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টার দিকে হানিফ মিয়াকে ওই এলাকার জাকির হোসেন নামের এক ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে নির্যাতন চালায়।
হানিফ মিয়ার স্ত্রী আয়েশা বেগম জানান, রাত প্রায় ১০টার সময় এলাকার আনোয়ার হোসেন আমার স্বামীকে ফোন করে ডেকে নেয়। এরপর আমি ছেলে-মেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত পৌনে ১টার দিকে আমার স্বামীর মোবাইল থেকে আমাকে ফোন দেয়।
কিন্তু তিনি আমার সঙ্গে কথা বলতে পারেননি। আমি শুধু শুনতে পাই, জাকির ভাই আমাকে জীবন ভিক্ষা দে। তোর কোনো বাপ আছে বল, পারলে তোকে বাঁচাতে।
আটকরা হলেন, জাকিরের বাবা লস্কর মিয়া (৭৫), হোসেন বেপারি ছেলে আয়াতুল্লাহ (৩২), জাকিরের মা হেলেনা বেগম (৬০), জাকিরের স্ত্রী খুকি বেগম (৫০), রাসেলের স্ত্রী নাদিয়া আক্তার (২৩)।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ উদ্দিন কালের কণ্ঠকে জানান, নিহত কাঠ ব্যবসায়ীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে।
এ বিষয়ে মামলা রুজুর প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কমেন্ট