বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় লিফলেট ছড়িয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্লোগান
গলাচিপায় মোটরসাইকেলে লিফলেট ছড়িয়ে ঝটিকা স্লোগান দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা। রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে গলাচিপা পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর গলাচিপার গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গলাচিপা থানার ওসি মো. জিলোন সিকদার।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে গলাচিপা পৌর এলাকার সদর রোডে দুটি মোটরসাইকেলে চারজন আরোহী হাতে লিফলেট নিয়ে রাস্তায় ছড়িয়ে দেন। হঠাৎ এভাবে লিফলেট উড়তে দেখে মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লিফলেটে লেখা ছিল- ‘দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন’, ‘শেখ হাসিনার সালাম, ঘরে ঘরে দিলাম’, ‘থানায় মামলা হোক, মিছিলে হামলা হোক, তবুও বলব আমরা জয়বাংলার লোক’।
লিফলেটের নিচে গলাচিপা উপজেলা ছাত্রলীগ লেখা ছিল।
গলাচিপা থানার ওসি মো. জিলোন সিকদার বলেন, খবর পেয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল টহল জোরদার করা হয়েছে। কারও কাছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
কমেন্ট