আলফাডাঙ্গায় কলেজছাত্রকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৬ জুন) দিনগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুমন উপজেলার বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে। তিনি পার্শ্ববর্তী কাশিয়ানী এমএ খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৫টার দিকে সুমন শেখ মোটরসাইকেলযোগে বড়ভাগ পূর্বপাড়া উকিলের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয়ের একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সুমনের মৃত্যুর খবর বড়ভাগ গ্রামে পৌঁছালে পুরো এলাকায় এক থমথমে ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে ইতোমধ্যেই অভিযান শুরু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
আলফাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, কুপিয়ে জখমের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কমেন্ট