মাজার বস্তিতে র‌্যাবের অভিযান, মিলল সুড়ঙ্গের সন্ধান

মাজার বস্তিতে র‌্যাবের অভিযান, মিলল সুড়ঙ্গের সন্ধান

রাজধানী ঢাকা ও গাজীপুরের সীমান্ত রেখা তুরাগ নদের উত্তর তীরে টঙ্গীর হাজী মাজার বস্তিতে র‌্যাবের অভিযানের খবরও আগেই জেনে যায় মাদক কারবারিরা। ফলে পুলিশের ধারাবাহিক অভিযানের মতোই র‌্যাবের এ অভিযানে কোনো মাদক কারবারি বা পৃষ্ঠপোষক গ্রেপ্তার হননি।


 
রবিবার (২৭ জুন) রাতে র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল নেয়ামুল হালিমের নেতৃত্বে টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১। অভিযানে মাদক কারবারিদের ব্যবহৃত কয়েকটি সন্দেহজনক গোপন কক্ষ ও সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া যায়।

টঙ্গীর মাজার বস্তিতে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে।


এর ভিত্তিতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি কক্ষের ভেতর বিশেষভাবে প্রস্তুত গোপন জায়গা এবং মাদক কারবারিদের যাতায়াতের জন্য ব্যবহৃত সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। তবে অভিযানের আগেই খবর ছড়িয়ে পড়ায় মাদক কারবারিরা আত্মগোপনে চলে যান বলে ধারণা করা হচ্ছে। ফলে অভিযানে কোনো মাদকের সঙ্গে জড়িত উল্লেখযোগ্য কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল নেয়ামুল হালিম গণমাধ্যমকে  বলেন, মাদক নির্মূলে র‍্যাব নিয়মিত অভিযান চালাচ্ছে। টঙ্গীর মাজার বস্তিসহ যেসব এলাকায় মাদক কারবারের অভিযোগ রয়েছে, সেসব এলাকায় আমাদের নজরদারি অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান আরো জোরদার করা হবে। 

র‌্যাব অধিনায়ক আরো বলেন, অভিযানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও স্থাপনার সন্ধান পাওয়া গেছে।


এসব তথ্য বিশ্লেষণ করে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
টঙ্গী পশ্চিম থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই)  হানিফ কালের কণ্ঠকে বলেন, গতরাতে র‌্যাব হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে কিছু পায়নি বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। জব্দ তালিকা শূন্য।

ছোট ভাইয়ের প্রেমিকার মামলায় কারাগারে স্কুলশিক্ষক পরবর্তী

ছোট ভাইয়ের প্রেমিকার মামলায় কারাগারে স্কুলশিক্ষক

কমেন্ট