সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে মাদকসহ ভারতীয় মালপত্র জব্দ

সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে মাদকসহ ভারতীয় মালপত্র জব্দ

সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ জুলাই) সাতক্ষীরা ৩৩ বিজিবির আওতাধীন কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, তলুইগাছা এবং সদর উপজেলার কালিয়ানী, ভোমরা, ঘোনা, কুশখালী বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব মালপত্র জব্দ করে।


সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কলারোয়ার কেড়াগাছি ও ভাদিয়ালী এলাকা থেকে ১১ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গী মোড় থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, ছয়ঘড়িয়া এলাকা থেকে ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ, ভোমরার নবাতকাঠি এলাকা থেকে ৯ বোতল ভারতীয় উইনকোরেক্স সিরাপ (মূল্য ৩ হাজার ৬০০ টাকা), দাঁতভাঙ্গা এলাকা থেকে ২ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা এবং বাঘমারা এলাকা থেকে ৩ লাখ ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

এ ছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার হরিণা স্কুলসংলগ্ন এলাকা থেকে ৪ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করছিল।


জব্দ করা মালপত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ভারতীয় পণ্যের অবৈধ চোরাচালানের কারণে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্র ঠেকিয়ে ৭ ভরি স্বর্ণ ও টাকা লুট পরবর্তী

প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্র ঠেকিয়ে ৭ ভরি স্বর্ণ ও টাকা লুট

কমেন্ট