হবিগঞ্জে ১৪৪ ধারা জারি, তিন প্লাটুন বিজিবি মোতায়েন

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি, তিন প্লাটুন বিজিবি মোতায়েন

এনসিপি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সেইসঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


বুধবার (২৯ জুলাই) সকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজের সই করা এক আদেশে জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারি করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এনসিপি বুধবার হবিগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করেছিল। একই স্থানে এবং একই সময়ে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল ও যুবদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ডাক দেয়। উভয় পক্ষের কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম এবং এর জেরে সংঘর্ষ, জান-মালের ক্ষয়ক্ষতি ও জনশান্তি বিনষ্টের আশঙ্কা দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।


এই আদেশের ফলে হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, পিকেটিং, মাইকিং এবং উচ্চশব্দ সৃষ্টিকারী যেকোনো কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর করা হয়েছে বলে জেলা প্রশাসক সরফরাজ নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জে দলটি বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয়। এতে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের উপস্থিত থাকার কথা থাকলেও পরে বিক্ষোভ সমাবেশ থেকে সরে আসে দলটি।


তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হবিগঞ্জে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
অন্যদিকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির বিরুদ্ধে ‘উসকানিমূলক মিথ্যাচারের’ অভিযোগ তুলে পাল্টা বিক্ষোভের ডাক দিয়েছিল বিএনপি, ছাত্রদল ও যুবদল। এই পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরেই শহরে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে, এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ হবিগঞ্জে ঢোকার চেষ্টা করলে শ্রীমঙ্গলের চা-কন্যাখ্যাত এলাকায় তাদের গাড়িবহর ট্রাক দিয়ে আটকে দেয় পুলিশ।

জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।


যেহেতু ১৪৪ ধারা জারি করা হয়েছে, সেহেতু আমরা কোনো বিক্ষোভ-সমাবেশ করব না।
জেলা যুবদলের সদস্যসচিব সফিকুর রহমান সেতু বলেন, এনসিপি নেতৃবৃন্দ উসকানিমূলক কথাবার্তা বলায় হবিগঞ্জের সাধারণ মানুষ তাদেরকে গতকাল কঠোর জবাব দিয়েছেন। আমরা আজ আইন মেনে বিক্ষোভ-সমাবেশ স্থগিত করেছি। তবে যদি এনসিপি নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশ করেন, তাহলে আমরাও বসে থাকব না।

এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক বলেন, প্রশাসনের দেওয়া ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ সমাবেশ আমরা করব না। কিন্তু গতকাল যে আমাদের ওপর নারকীয় হামলা করা হয়েছে, এজন্য এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ হবিগঞ্জে এসে সংবাদ সম্মেলন করবেন।

তিনি আরো বলেন, হাসনাত-সারজিসদের হবিগঞ্জে ঢোকার পথে পুলিশ বাধা প্রদান করেছে।

হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বলেন, ১৪৪ ধারা পালনে পুলিশ পৌরসভার বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে আমাদের কড়া নজর রয়েছে।

 

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বাকপ্রতিবন্ধী যুবক নিহত পরবর্তী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বাকপ্রতিবন্ধী যুবক নিহত

কমেন্ট