রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
বৃষ্টির জন্য চায়ের দোকানে আশ্রয়, বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চায়ের দোকানে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দাদের উপর আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক নারী ও দোকানদারসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুষারিগাঁও বলগাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উপজেলার কুষারিগাঁও বলগাঁ এলাকার মহেন চন্দ্র ওরফে টিহাকুর স্ত্রী শাস্তি রাণী (৫০) এবং একই এলাকার মৃত বেহারু রায়ের ছেলে শুহি রাম রায় (৫০)। শুহি রাম পেশায় ওই চায়ের দোকানদার ছিলেন।
আহতরা হলেন একই এলাকার টেপরা ও শালন চন্দ্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় বৃষ্টি থেকে বাঁচতে এবং চা খেতে পাশের একটি চায়ের দোকানে জড়ো হন কয়েকজন স্থানীয় বাসিন্দা। চা পান ও আড্ডার মাঝেই হঠাৎ ওই দোকানের উপর বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও দুজন গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, বৃষ্টির সময় চায়ের দোকানে অবস্থানকালেই আকস্মিক এ দুর্ঘটনাটি ঘটে। বজ্রপাতে দুজনের মৃত্যু ও দুজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
কমেন্ট