এসএসসি ও সমমানের পরীক্ষায় পীরগঞ্জের ১২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য

এসএসসি ও সমমানের পরীক্ষায় পীরগঞ্জের ১২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য

রংপুরের পীরগঞ্জে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি দাখিল মাদরাসা ও দুটি উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।


  
শূন্য পাসের তালিকায় থাকা ১০টি দাখিল মাদরাসা হলো ছাতুয়া দাখিল মাদরাসা, অনন্তরামপুর দাখিল মাদরাসা, কুমরসহি দাখিল মাদরাসা, পত্নীচড়া দাখিল মাদরাসা, মদনখালী দাখিল মাদরাসা, বড় আলমপুর দাখিল মাদরাসা, ছোট উজিরপুর দাখিল মাদরাসা, গন্ধর্বপুর দাখিল মাদরাসা, খেদমতপুর বালিকা দাখিল মাদরাসা ও জুনিদপুর দাখিল মাদরাসা। এছাড়া শূন্য পাসের তালিকায় রয়েছে কুমারপুর উচ্চ বিদ্যালয় ও ঘাষিপুর উচ্চ বিদ্যালয়।

ফল প্রকাশের পর এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিষ্ঠানগুলোর ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।


এ বিষয়ে ঘাষিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার প্রতিষ্ঠান দুই বছর আগে পাঠদানের অনুমতি পেয়েছে। এ বছর ১৮ জন পরীক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশ নেয় ১৫ জন। তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মাত্র চারজন শিক্ষক এমপিওভুক্ত।


বাকি শিক্ষকরা এখনো এমপিওভুক্ত হননি।’ আগামীতে ফলাফল ভালো করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ‘ফলাফল বিপর্যয়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হয়েছে, সেগুলোর শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের ঘটনা হতাশাজনক।


এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

ফের নাফ নদী থেকে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি পরবর্তী

ফের নাফ নদী থেকে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কমেন্ট