নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে লাল গোলাপ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারচেষ্টা : টেকনাফ থেকে উদ্ধার ১০, গ্রেপ্তার ১
সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১০ জনকে কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় মানবপাচার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাতে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
গ্রেপ্তার ব্যক্তি হলেন আব্দুল আমিন (২২)। তিনি টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে।
র্যাব-১৫ জানায়, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কয়েকজন বাংলাদেশি নারী-পুরুষকে প্রলোভন দেখিয়ে ও জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নাইট্যংপাড়া এলাকায় জড়ো করে। এ তথ্যের ভিত্তিতে পিএইচপি বরফ মিলের পাশে হাবিবুল্লাহর বাড়ির সামনে অভিযান চালায় র্যাবের টেকনাফ ক্যাম্পের একটি দল।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীচক্রের সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে আব্দুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
তবে তার সহযোগীরা পালিয়ে যায়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আমিন স্বীকার করেছেন, তিনি ও তার পলাতক সহযোগীরা পরস্পর যোগসাজশে উদ্ধার হওয়া ১০ জনকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর জন্য ঘটনাস্থলে জড়ো করেছিলেন।
অভিযান শেষে ১০ জনকে নিরাপদে উদ্ধার করে র্যাবের হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরাও জানান, তাদের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে ওই এলাকায় নিয়ে আসা হয়েছিল।
কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, উদ্ধার ব্যক্তিদের ও গ্রেপ্তার আব্দুল আমিনকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট