হাতে রামদা, সড়কে কলাগাছ ফেলে যুবকের তাণ্ডবে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ

হাতে রামদা, সড়কে কলাগাছ ফেলে যুবকের তাণ্ডবে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ

রামদা হাতে সড়কের মাঝখানে এক যুবকের তাণ্ডবে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকার ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) সকালে ময়মনসিংহের নান্দাইল-কানুরামপুর-মধুপুর আঞ্চলিক সড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার নাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রামদা হাতে সড়কের ওপর অবস্থান নেন ওই যুবক। এক পর্যায়ে তিনি সড়কের ওপর কলাগাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় অস্ত্র উঁচিয়ে পথচারী ও চালকদের দিকে তেড়ে গিয়ে ভয়ভীতি দেখাতে থাকেন।


তার ভয়ে কেউ কাছে যাওয়ার সাহস না পাওয়ায় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় কৌশলে ওই যুবককে অবরুদ্ধ করে আটক করা হয়। পরে সড়ক থেকে কলাগাছ ও অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক যুবকের নাম রমজান মিয়া (৩২)। তিনি ওই এলাকার কলুম উদ্দিন মেম্বারের ছেলে। স্থানীয়দের ভাষ্য, রমজান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তার অস্বাভাবিক আচরণের কারণে পরিবারের সদস্যরা সাধারণত তাকে বাড়িতে রাখতেন। মাঝে মধ্যে তার আচরণ স্বাভাবিক হলেও হঠাৎ আবার অস্বাভাবিকতা বেড়ে যায়।


শনিবার সকালে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তিনি ঘর থেকে অস্ত্র নিয়ে সড়কে চলে আসেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আযম বলেন, অস্ত্রধারী যুবকের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কোনো ধরনের হতাহত ছাড়াই তাঁকে আটক করা হয়েছে। পরে জানা গেছে, তিনি মানসিক সমস্যায় ভুগছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারচেষ্টা : টেকনাফ থেকে উদ্ধার ১০, গ্রেপ্তার ১ পরবর্তী

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারচেষ্টা : টেকনাফ থেকে উদ্ধার ১০, গ্রেপ্তার ১

কমেন্ট