অপরাধের ধরন পাল্টালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
বগুড়ায় নির্মীয়মাণ ড্রেনের ভেতর মিলল ৩৩৪ রাউন্ড গুলি
বগুড়া মহানগরে নির্মীয়মাণ মাস্টার ড্রেন (সার্কিট হাউস-জিলা স্কুল)-এর ভেতর থেকে থ্রি নট থ্রি রাইফেলের ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে বগুড়া জিলাস্কুল প্রাচীরসংলগ্ন ড্রেন থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান (মিডিয়া সেল) কালের কণ্ঠকে তথ্যটি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, বিগত জুলাই আন্দোলনে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় এসব গোলাবারুদ লুট হয়েছিল।
পুলিশ ও নির্মাণ শ্রমিক সূত্রে জানা যায়, রবিবার সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণ প্রকল্পের খননকাজ করছিলেন শ্রমিকরা। এক পর্যায়ে একজন শ্রমিক ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশের মাটির গর্তের মধ্যে ধাতব বস্তু সদৃশ কিছু দেখতে পান। পরে তিনি বিষয়টি অন্য শ্রমিকদের নিয়ে সদর থানা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটির ভেতর লুকিয়ে রাখা ৩৩৪ রাউন্ড থ্রি নট থ্রি গুলি উদ্ধার করে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে জানানো হবে।
কমেন্ট