আড়াই বছরের শিশুর হাসপাতালে মৃত্যু, শরীরে বিষের গন্ধ
ময়মনসিংহের গৌরীপুরে আড়াই বছরের শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে তার সৎমা আকলিমা ও বাবা আব্দুল কাদিরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে তাদের আটক করা হয়।
এর মৃত শিশুর মা মোছা. শেফালী বাদী হয়ে সৎমা ও বাবাকে আসামি করে গৌরীপুর থানায় লিখিত অভিযোগ করেন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের দায়িত্বরত উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানিয়েছেন, শিশু মৃত্যুর ফরমে বিষ প্রয়োগের কথা উল্লেখ রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর দুপুরে সৎমা আকলিমা শিশুটিকে ডিম ও পানি খাইয়ে বিছানায় শুইয়ে দেয়। কিছুক্ষণ পর শিশুটি কাশতে শুরু করলে তার দাদি আছিয়া আক্তার ঘরে গিয়ে তার মুখ থেকে বিষের গন্ধ পান।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
মৃত শিশুর মা শেফালীর অভিযোগ, গত এক বছর আগে আব্দুল কাদির পরকীয়ায় জড়িয়ে তাকে তালাক দিয়ে আকলিমাকে বিয়ে করেন। তার দাবি, স্বামী ও সতীন মিলেই তার ছোট ছেলেকে বিষ খাইয়ে হত্যা করেছে।
এমনকি তাকে না জানিয়ে লাশ তড়িঘড়ি দাফনের চেষ্টা করা হয়েছিল। তবে অভিযুক্ত বাবা আব্দুল কাদির বিষ খাওয়ানোর অভিযোগ অস্বীকার করেছেন।
গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। মায়ের অভিযোগের ভিত্তিতে সৎমা ও বাবাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
কমেন্ট