শিশুরা নিজেদের সঠিকভাবে গড়ে তুললে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে : প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের অভিযানে নারায়ণগঞ্জে ২ হাজার কেজি জাটকা জব্দ
নারায়ণগঞ্জে দুই হাজার কেজি জাটকা মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (৯ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ সকল মাছ জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা সকাল ৬টার দিকে দুটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালায়। এ সময় দুটি ট্রাক থেকে বিপুল পরিমাণ জাটকা মাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।
তিনি বলেন, ‘ট্রাকচালক ও তাদের সহকারীদের জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরে নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা মাছ স্থানীয় মাদরাসা ও অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।’
সিয়াম-উল-হক আরো বলেন, ‘অবৈধভাবে জাটকা পরিবহন ও বিক্রি রোধে কোস্ট গার্ড সবসময় তৎপর রয়েছে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
’
এ দিকে অভিযান ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসুক জনতা জড়ো হয়। তারা জানান, এ ধরনের পদক্ষেপ নদী ও মাছের প্রজনন রক্ষায় সহায়ক হবে, যা ভবিষ্যতে জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
কমেন্ট