জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ
ফরিদপুর জেলা আ. লীগের সভাপতি ও যুব মহিলা লীগ নেত্রী ২ দিনের রিমান্ডে
ফরিদপুর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেন ওরফে বোমা ফারুক ও জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটির সদস্য নাসরিন আক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে ফারুকের জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করা হয়।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসিম মাহমুদ এ আদেশ দেন। আদালত ফারুক হোসেনের সাথে গ্রেপ্তার হওয়া দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
সরেজমিনে ঘুরে জানা যায়, আদালতে এ মামলার বাদী ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান আওয়ামী লীগের নেতা ফারুক হোসেন ও যুব মহিলা লীগ নেত্রী নাসরিনের ১০ দিন করে রিমান্ডের আবেদন করলে যুক্তি হিসেবে বলা হয়, মামলার জন্য আরো তথ্য উপাত্ত সংগ্রহ এবং ফারুক হোসেনের কাছে অস্ত্র আছে কি না, তা খতিয়ে দেখার জন্য এ রিমান্ড আবেদন করা হয়েছে।
রিমান্ডের আবেদনের বিরোধিতা করে বাদীপক্ষের আইনজীবী অ্যাড. এমরান হোসেন। তাকে সহযোগিতা করার জন্য জজ কোর্টের আইনজীবী বাবু মোল্লা, কামালউদ্দীন, হাবিবুর রহমান, বদিউজ্জামান, অনিমেষ রায়, জাহিদ ব্যাপারী, সোহেল রেজা, আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, সানোয়ার হোসেন প্রমুখ শুনানির সময় উপস্থিত ছিলেন।
আসামিপক্ষ যুক্তি প্রদর্শন করে বলেন, গত ৮ নভেম্বর একটি মিছিলের সুত্র ধরে মামলা হয় ১১ নভেম্বর।
এর আগে গত ১০ নভেম্বর ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। ওই মিছিলে ভিডিও ফুটেজ হিসেবে যা জমা দেওয়া হয়েছে, তাতে ফারুক হোসেন ও নাসরিন উপস্থিত ছিল না। আগে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে পরে পুরনো ঘটনা উল্লেখ করে যে মামলা দেওয়া হয়েছে তা সাজানো।
তবে জমিন শুনানি শেষে আদালত ১০ দিনের স্থলে ফারুক হোসেন ও নাসরিনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আসামি পক্ষের আইনজীবী এমরান হোসেন ফারুক ও নাসরিনের জামিনের আবেদন জানালে আদালত তা নাকচ করে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিবাদীপক্ষের আইনজীবী এমরান হোসেন বলেন, আমরা জামিনের আবেদনের পাশাপাশি রিমান্ডের বিরোধিতা করেছি। আদালতে তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি এ মামলাটি সাজানো।
আদালতে শুনানির আগে দুপুর সোয়া ১টার দিকে কড়া পুলিশ প্রহরায় প্রিজন ভ্যানে করে আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন ও নাসরিনকে আদালত চত্বরে আনা হয়। প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাদের সরাসরি ৮ তলা বিশিষ্ট ম্যাজিস্ট্রেট কোর্ট ভবনের তিন তলার ১ নম্বর আমলি আদালতে (সদর কোর্ট) নিয়ে যাওয়া হয়।
এরপর লিফট পরিহার করে সিঁড়ি দিয়ে তাকে তিন তলায় নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ঝিলটুলী এলাকার নূরজাহান টাওয়ারের ১০ তলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেন (৫৩) এবং জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটির সদস্য নাসরিন আক্তারকে (২৮) আটক করে পুলিশ। পরেরদিন মঙ্গলবার পুলিশ বাদি হয়ে সন্ত্রাস দমন আইনে ফারুক হোসেন ও নাসরিনসহ মোট ১৮ জনকে আসামি করে একটি মামলা করেন।
কমেন্ট