নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ১৫/২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের নরসিংদী জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁ এলাকায় স্থানীয় শহীদ মেম্বার ও মো. জবা মেম্বারের অনুসারীদের মধ্যে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


নিহত ব্যক্তির নাম মামুন মিয়া (২৫)। তিনি ওই এলাকার আব্দুল আওয়াল মিয়ার ছেলে। মামুন কুয়েতপ্রবাসী ছিলেন এবং প্রায় ১৫ দিন আগে ছুটিতে দেশে আসেন। তিনি শহীদ মেম্বারের অনুসারী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রয়াত শহীদ মেম্বারের অনুসারীদের সঙ্গে জবা মেম্বারের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সকালে দুই পক্ষ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মামুন নিহত হন। এ সময় আরও দুজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ১৫/২০ জন আহত হন।

নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দা গুলশানারা কবীর গুলিবিদ্ধ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ জানান, গুলিবিদ্ধ হয়ে মামুন নামের একজন নিহত হয়েছেন। তিনি কোন গ্রুপের অনুসারী ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানান তিনি।
 

 

বিটিআরসির সাবেক তিন চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা পরবর্তী

বিটিআরসির সাবেক তিন চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কমেন্ট