কালাইয়ে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
জয়পুরহাটের কালাই উপজেলায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রুবেল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তথ্যপ্রযুক্তি ও বগুড়া সদর থানা পুলিশের সহযোগিতায় বগুড়া শহরের মাটিডালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
গ্রেপ্তার রুবেল হোসেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের মাদাই গ্রামের আফসার আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, ২০১৮ সালের ১ আগস্ট কালাই থানায় রুবেল হোসেনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের হয়। মামলাটির তদন্ত শেষে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে ২০২৪ সালের ১১ নভেম্বর দায়রা জজ আদালতের বিচারক আসামির অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তবে রায় ঘোষণার পর থেকেই সাজাপ্রাপ্ত রুবেল পলাতক ছিলেন।
কালাই থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘রায়ের পর থেকেই আসামি রুবেলকে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত ছিল। মঙ্গলবার তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বগুড়া সদর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
’
তিনি আরো জানান, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট