দুপক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের বুধাইরহাট বাজারে দুপক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।
এতে জাবেদ শেখ (২২) নামের এক তরুণ আহত হয়েছেন। তার বাম হাত ক্ষতবিক্ষত হয়েছে। আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও তার প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল মাতবরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।
জাজিরা থানা ও স্থানীয় সূত্র জানায়, একই বিরোধের জেরে বিভিন্ন সময়ে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষ হলেই দুই পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটায়। গত বছরের ৫ এপ্রিল ও ২ নভেম্বর বিলাশপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে। এসব ঘটনার পর পুলিশ কুদ্দুস ব্যাপারী, আব্দুল জলিল মাতবরসহ তাদের বেশ কয়েকজন সমর্থকের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে। ওই মামলায় আব্দুল জলিল মাদবর বর্তমানে কারাগারে আছেন। আর ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে এলাকা ছেড়ে গেছেন। বর্তমানে তাদের সমর্থক মান্নান ব্যাপারী ও নাসির ব্যাপারীর লোকজন নতুন করে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। মান্নান ব্যাপারী কুদ্দুস ব্যাপারীর সমর্থক এবং নাসির ব্যাপারী আব্দুল জলিল মাতবরের সমর্থক।
ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। আব্দুল জলিল মাতবর বর্তমানে কারাগারে আছেন। আজকের সংঘর্ষে নেতৃত্ব দেওয়া মান্নান ব্যাপারী ও নাসির ব্যাপারী ঘটনার পর এলাকা থেকে আত্মগোপনে আছেন। তাদের মোবাইল ফোনও বন্ধ।
এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বলেন, কুদ্দুস ব্যাপারী ও তার প্রতিদ্বন্দ্বী জলিল মাতবরের মধ্যে বিরোধের জেরে তাদের সমর্থকেরা বুধাইরহাট বাজারে শতাধিক ককটেল বিস্ফোরণ করেছেন। এতে একজন আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে।
কমেন্ট