সাভারে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২
সাভারের গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম। এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- বরিশাল জেলার মুলাদী থানার লক্ষীপুর (পশ্চিম চর লক্ষীপুর) গ্রামের মো. মোতাহার মোল্লার ছেলে মো. ইমরান হোসেন (২৭), একই জেলার মেহেন্দীগঞ্জ থানার কান্দিরাবাদ গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. বাবুল হাওলাদার (৪০)।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ঢাকা জেলা ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মতিউর রহমানসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় অভিযান চালিয়ে তারা ছিনতাইকারী ও ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।
ঢাকা জেলা ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারদের সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় আসামি মো. ইমরান হোসেনের বিরুদ্ধে মাদক, ডাকাতিসহ ৫টি মামলা এবং আসামি মো. বাবুল হাওলাদারের বিরুদ্ধে ১টি ডাকাতি মামলা রয়েছে।
তাদেরকে ধামরাই থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কমেন্ট