আশুলিয়ায় অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
সাভারের আশুলিয়ায় ভাড়া বাসা থেকে রুমানা আক্তার রুমি (২০) নামের দুই মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে রংপুর জেলার পীরগাছা থানার তালুক ইসাদ এলাকার মো. ছালদার আলীর ছেলে বিল্লাল হোসেনের (২৫) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে রুমির। বিয়ের পর স্বামীর সঙ্গে আশুলিয়ার পবনারটেক পূর্বপাড়া এলাকার হেলাল মাস্টারের বাড়িতে ভাড়ায় থেকে একটি টুপি তৈরির কারখানায় কাজ করতেন তিনি।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে রুমিকে হত্যার পর পালিয়েছে তার স্বামী। অভিযুক্ত বিল্লালকে আটকের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
কমেন্ট