নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে তেলের পাম্পে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর এলাকায় মোটরসাইকেলের সিরিয়াল নিয়ে তুচ্ছ ঘটনার জেরে একটি ফিলিং স্টেশনে ব্যাপক হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে মেসার্স হানিফ ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসিং সেন্টারে এ এই হামলার ঘটনা ঘটে।
পাম্প কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই রাতে জ্বালানি সংগ্রহের জন্য পাম্পের সামনে প্রায় ৭০০ থেকে ৮০০ মোটরসাইকেলের দীর্ঘ সারি ছিল। রাত ১১টার দিকে সিরিয়াল আগে-পরে হওয়াকে কেন্দ্র করে আরোহীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
এর কিছুক্ষণ পরই ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল লোহার রড ও বাঁশ নিয়ে পাম্পে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা পাম্পের একটি পেট্রোল ডিসপেন্সিং মেশিন, ক্যাশ কাউন্টারের থাই গ্লাস এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। প্রায় ১০ থেকে ১২ মিনিট ধরে চলা এই তাণ্ডবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাম্পের ক্যাশিয়ার মো. রইছ উদ্দিন বলেন, ‘ক্যাশ কাউন্টার ভাঙচুর করার পর দুর্বৃত্তরা আমাদের দিকে তেড়ে আসছিল। প্রাণে বাঁচতে আমি পেছনের দরজা লক করে ভেতরে অবস্থান নেই। তারা দরজা ভাঙারও চেষ্টা করেছে। সেখানে অনেক মোটরসাইকেল আরোহী থাকলেও কেউ দুর্বৃত্তদের বাধা দেওয়ার সাহস পাননি।
’
পাম্পের ম্যানেজার মো. আব্দুল হালিম জানান, হামলায় পাম্পের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তবে ঘটনার পরদিন আজ শুক্রবার সকাল আটটা থেকে পুনরায় জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘পুরো বিষয়টি তদন্তাধীন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
কমেন্ট