প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে ঝুট ব্যবসার দখল নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ২
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক শিশুসহ দুজন গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া ইটপাটকেলের আঘাতে আরো আটজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ফতুল্লার পঞ্চবটি এলাকার চাঁদনী হাউজিংয়ে বেস্ট স্টাইল কম্পোজিট গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলো এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকা মিয়ার ছেলে রাকিব (২২) এবং পথচারী মাদরাসা ছাত্র ইমরান হোসেন (১২)। এ ছাড়া ইটপাটকেলের আঘাতে খোকা মিয়াসহ আরো আটজন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে সবার নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সারজিল আহমেদ অভি ও ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ গ্রুপের মধ্যে বেস্ট স্টাইল কম্পোজিট গার্মেন্টসের ঝুট দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ঘটনার দিন সকাল থেকেই উভয় পক্ষ দেশি-বিদেশি অস্ত্র নিয়ে গার্মেন্টসের দুই পাশে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ শুরু হয়।
পুলিশ জানায়, সংঘর্ষে মাসুদ গ্রুপের রাকিব ও পথচারী মাদরাসাছাত্র ইমরান হোসেন গুলিবিদ্ধ হয়। গুলি ও বোমার শব্দে পুরো চাঁদনী হাউজিং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভয়ে এলাকাবাসী ঘরের দরজা-জানালা বন্ধ করে ঘরে অবস্থান নেয়। গুলিবিদ্ধ হয়ে ইমরান দীর্ঘসময় রাস্তায় কাতরাতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ইমরানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার বাবা আসমাউল হোসেন। তিনি জানান, ইমরানের বুকের নিচে গুলি লেগে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে এবং তাকে জরুরি ভিত্তিতে রক্ত দিতে হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান কালের কণ্ঠকে জানান, চাঁদনী হাউজিং এলাকায় একটি গার্মেন্টের ঝুট নামানোকে কেন্দ্র করে দুই গ্রুপে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরো জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কমেন্ট