মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় দাউদ আলী (৪৪) নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার (৩ মে) দুপুরের দিকে মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন।  দাউদ আলী মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকার কাসেদ আলীর ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৯ জুন মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকার ১১ বছর বয়সী শিশু রাতে খাওয়া-দাওয়া শেষে বাসার বাইরের রাস্তা দিয়ে হাঁটছিল। ওই সময় অভিযুক্ত দাউদ তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার বাসায় নিয়ে যান এবং একটি কক্ষে জোরপূর্বক ধর্ষণ করেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পরের দিন সকালে অভিযুক্তের বাড়ি থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। এই ঘটনায় ভুক্তভোগীর বাদী হয়ে মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন।

 
মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় আদালতে একটি মামলা হয়। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে শিশুর ২২ ধারা জবানবন্দিতে শিশুটি স্বীকারোক্তি দেয় এবং জোরপূর্বক ধর্ষণের বিবরণ দেয়।

তিনি আরো বলেন, আসামি নিজেও ১৬৪ ধারায় জবানবন্দিতে স্বীকার করেছেন যে তিনি ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেছেন। আদালত সাক্ষীদের সাক্ষ্য, ১৬৪ ধারা এবং শিশুর ২২ ধারা জবানবন্দি পর্যালোচনা করে দাউদ আলী দোষী প্রমাণিত হওয়ায় এই রায় দেন।

সাভারে ট্রলার চালক হত্যায় ২ আসামির যাবজ্জীবন পরবর্তী

সাভারে ট্রলার চালক হত্যায় ২ আসামির যাবজ্জীবন

কমেন্ট