মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার জব্দের পাশাপাশি ৩ জনের কারাদণ্ড

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার জব্দের পাশাপাশি ৩ জনের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি ড্রেজার মেশিন জব্দ এবং তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।


শনিবার (৬ জুন) সকালে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মধ্য চারভাঙা গ্রামের মৃত তোফাজ্জল হোসেন সরকারের ছেলে আশরাফুল আলম সরকার (৩৮), চর সাহেবগঞ্জ বাজার এলাকার দাদান মিয়া মোল্লার ছেলে কুদ্দুস আলী (৩২) এবং আলী হোসেনের ছেলে আক্কাস ফকির (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত আশরাফুল আলম সরকারকে তিন মাস এবং কুদ্দুস আলী ও আক্কাস ফকিরকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও অমিত রায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ যৌথভাবে অভিযান পরিচালনা করেন।


এ সময় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি ড্রেজার মেশিন ও তিনজনকে আটক করা হয়।
জব্দ করা ড্রেজার মেশিনগুলো নীলকমল ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু ও মাটি উত্তোলনের কারণে নদী তীরবর্তী চরে ভাঙন দেখা দিচ্ছে। এতে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।


রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাতের আঁধারে এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
ইউএনও অমিত রায় বলেন, ‘দণ্ডপ্রাপ্ত তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

 

হত্যা-ডাকাতিসহ ১৬ মামলার আসামি গ্রেফতার পরবর্তী

হত্যা-ডাকাতিসহ ১৬ মামলার আসামি গ্রেফতার

কমেন্ট