ছোট বহর নিয়ে নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী : মাহদী আমিন
চান্দিনায় অটোরিকশাকে ধাক্কা দিয়ে পুকুরে লরি, নিহত ২
কুমিল্লার চান্দিনায় সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে একটি লরি পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরো একজন।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামের আব্দুল মান্নানের ছেলে হানিফ মিয়া (৩৫) এবং দেবীদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের মনির হোসেনের ছেলে লাবিব হোসেন (১৫)।
আহত সজীব হোসেন (২৪) একই উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি নিহত লাবিবের মামাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে মাধাইয়া থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি নূরীতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে চট্টগ্রামগামী একটি লরি ধাক্কা দেয়। এতে অটোরিকশা ও লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হলে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হানিফ মিয়া ও লাবিব হোসেন মারা যান।
নিহতদের স্বজনরা বিকেলে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় তিনজন আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে।
কমেন্ট