রাজশাহীতে বিএনপি কার্যালয়ে বোমা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, আটক ১

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে বোমা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, আটক ১

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রল বোমা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় সাবেক মেয়র মুক্তার আলীকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৭ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরো ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।


এ ঘটনায় এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) রাতে বিএনপি নেতা ও গোচর গ্রামের রুয়াজ আলী প্রামানিকের ছেলে জিয়াউল হক জিয়া বাদী হয়ে বাঘা থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় পিয়াদাপাড়া গ্রামের এরশাদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আড়ানী পৌর বাজারের বড়াল নদের পূর্বপাশে ব্রিজসংলগ্ন বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে টেলিভিশন, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। পাশাপাশি বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ছবিও আগুনে পুড়ে যায়।


এ ঘটনায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ‘বিএনপি কার্যালয়ে বোমা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

 

খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা : মায়ের পর এবার বাবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পরবর্তী

খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা : মায়ের পর এবার বাবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কমেন্ট