প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ মোদির
‘লোকনাথ বাবার’ ভক্ত পরিচয়ে বাসা থেকে স্বর্ণালংকার লুট, প্রতারক গ্রেফতার
নারায়ণগঞ্জের বারদী মন্দিরের ‘লোকনাথ বাবার’ ভক্ত পরিচয়ে চট্টগ্রামের এক বাসা থেকে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে সরোয়ার সরদার (৪২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) রাতে কোতোয়ালী থানার হাজারীগলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সরোয়ার ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠি সুতালড়ি বেদে পল্লী এলাকার মৃত হামিদ সরদারের ছেলে।
এ সময় তার কাছ থেকে তিন জোড়া সোনার কানের দুল, একটি সিতা হারের পাঁচ অংশ, একটি পাথরসহ স্বর্ণের লকেট, পাঁচ আনা গলানো স্বর্ণ, দুটি স্মার্টফোন ও ১৪ হাজার টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, নগরীর খুলশি থানার আমবাগান নগর স্বাস্থ্য ক্লিনিক সংলগ্ন ক্যাপ্টেনের বিল্ডিংয়ের নিচ তলায় ভুক্তভোগী অজিত ঘোষের বাসায় এসে কলিং বেল দেন প্রতারক সরোয়ার সরদার। এ সময় তিনি হিন্দু সাধু সেজে ‘জয় বাবা লোকনাথ’ বলে দুহাত জোড় করে গৃহকর্তা অজিত ঘোষকে জানান, তিনি নারায়ণগঞ্জের বারদী লোকনাথ মন্দির থেকে এসেছেন। গৃহকর্তার স্ত্রীর কাছে প্রতারক ১১ টাকা প্রণামি দাবি করেন। তার কথা বিশ্বাস করে ভেতরের রুম থেকে টাকা এনে দিলে প্রতারক জানান, প্রসাদের জন্য চাল দরকার। পরে তাকে চালও দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন কৌশল অবলম্বন করে গৃহকর্তা ও তার স্ত্রীর কাছ থেকে ২ ভরি ১ আনা ওজনের স্বর্ণালংকার নিয়ে যান।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযানে নেমে হাজারী গলি এলাকা থেকে প্রতারক চক্রের সক্রিয় সদস্য সরোয়ার সরদারকে গ্রেফতার করে।
খুলশি থানার ওসি মোজাম্মেল হক জানান, তাকে প্রতারণার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।
কমেন্ট