ধানমণ্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক অর্নব কারাগারে

ধানমণ্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক অর্নব কারাগারে

১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক অর্নব দাস (৩২) নামে এক যুবককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ধানমণ্ডি থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।


শনিবার (১৫ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন।

আজ সকালে ১০টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ধানমণ্ডি থানায় নেওয়া হয়। গ্রেপ্তার ওই যুবক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে দাবি করেছে পুলিশ।


এ দিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি মডেল থানার উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম।

আবেদনে বলা হয়, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে প্রকাশ করেছেন। আসামির কাছ থেকে পাওয়া তথ্যাদি ও নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। আসামির বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে।


আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনাসহ পুনরায় সন্ত্রাসবিরোধী বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তসহ ন্যায়বিচারের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।
আবেদনে পুলিশ উল্লেখ করে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তীতে আসামিকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।

এদিকে, আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া, ডি কে গায়েন টিটোসহ অনেকেই তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।


উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে শুনানিকালে তাকে আদালতের এজলাসে ওঠানো হয়নি।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আসামিরা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সদস্য। তারা পরস্পর যোগসাজশ ও সহযোগিতায় সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে মিছিলে সমবেত হয়ে দেশের সার্বিক পরিস্থিতি অস্বাভাবিক করে তোলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং জনজীবন বিপন্ন করার চেষ্টা করেন। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক বাবন উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা পরবর্তী

পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

কমেন্ট