র্যাব বিলুপ্ত, (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাশ
ছাত্রলীগ নেতার হামলায় ছাত্রদল নেতা আহত, গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার হামলায় পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বকুল আহত হয়েছেন। খবর পেয়ে তাকে প্রথমে বিশ্বনাথ উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের টিএনটি রোডে এ ঘটনা ঘটে। এদিকে এ হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন বিশ্বনাথ পৌর বিএনপি নেতা বশির আহমদ, শামছুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্যসচিব জাকির হোসেন ইমনসহ অন্যরা। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছাত্রলীগ নেতা শামীম আহমদকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন ছাত্রদল নেতারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি শামীম আহমদ তাঁর ফেসবুক আইডিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন বিরূপ স্ট্যাটাস দেন। এসব পোস্টের মন্তব্যের ঘরে আবদুল মজিদ বকুল পাল্টা জবাব দেন।
এর জেরে বুধবার সন্ধ্যায় বকুলের বাসায় গিয়ে তাঁর ওপর হামলা করা হয় বলে অভিযোগ।
বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীমের ফেসবুক পোস্টে কমেন্ট করায় সে আমাদের পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুলের বাসায় গিয়ে হামলা করেছে। খবর পেয়ে আশপাশে থাকা নেতাকর্মীরা গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
কমেন্ট