র্যাব বিলুপ্ত, (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাশ
ফেসবুকে বেবি বাইক কেনার বিজ্ঞাপন দেখে প্রতারণার ফাঁদে ৪৯ হাজার টাকা গচ্ছা
ফেসবুকে বেবি বাইক কেনার বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেছিলেন খুলনার আজিজুল হক। অর্ডার নিশ্চিত করতে প্রথমে চাওয়া হয় মাত্র ৩১০ টাকা।
এরপর ‘ডেলিভারি ম্যান’ পরিচয়ে ফোন করে নানা কৌশলে তার কাছ থেকে নেওয়া হয় আরো ৪৮ হাজার ৮৩০ টাকা।
শেষ পর্যন্ত পণ্য তো পাননি, উল্টো খোয়াতে হয়েছে তার মোট ৪৯ হাজার ১৪০ টাকা। এ ঘটনায় প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা।
গ্রেপ্তাররা হলেন খুলনার খানজাহান আলী থানার শিরোমনি এলাকার জুয়েল সরদার (২৫) ও মো. সাইফুল ইসলাম (৩০)।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে শিরোমনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে সাইফুলের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মুঠোফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করা হলে দুজনই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার এজাহার ও পিবিআই সূত্রে জানা যায়, খুলনার লবণচরা থানার টুটপাড়া বড়খালপাড় এলাকার বাসিন্দা আজিজুল হক ফেসবুকের ‘Online Sale Bazar’ নামের একটি পেইজে বেবি বাইকের বিজ্ঞাপন দেখেন।
এরপর তাদের দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন।
অর্ডার নিশ্চিত করতে আজিজুলকে প্রথমে ৩১০ টাকা অগ্রিম পাঠাতে বলা হয়। ২৭ আগস্ট তিনি টাকা পাঠালে তাকে একটি ইনভয়েসও দেওয়া হয়। দুই দিন পর ২৯ আগস্ট বিকেলে অন্য একটি নম্বর থেকে ‘ডেলিভারি ম্যান’ পরিচয়ে ফোন আসে। এরপর নানা অজুহাতে তার কাছ থেকে একাধিক দফায় টাকা নেওয়া হয়।
প্রথমে তিন হাজার ২০০; এরপর তিন হাজার ৩০৭ ও তিন হাজার ২৫৯ টাকা নেওয়ার পর টাকা ফেরতের কথা বলে নেওয়া হয় ৯ হাজার ৭৬৬ টাকা। পরে আরো তিন দফায় নেওয়া হয় ২৯ হাজার ২৯৮ টাকা।
একপর্যায়ে টাকা ফেরত না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন আজিজুল। ৬ সেপ্টেম্বর তিনি লবণচরা থানায় মামলা করেন।
পিবিআই বলছে, জুয়েল ও সাইফুল একই কৌশলে আরো অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পিবিআই খুলনার পুলিশ সুপার রেশমা শারমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অপরিচিত পেজ ও ব্যক্তিকে যাচাই না করে অগ্রিম টাকা দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর পরামর্শ দেন তিনি।
কমেন্ট