জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণ : আসামির আমৃত্যু কারাদণ্ড
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. মজিবর মৃধা (৬১) নামের এক বৃদ্ধকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মজিবর মৃধা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার মৃত কাদের মৃধার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এর ভিত্তিতে ট্রাইব্যুনাল আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে তিনি তার মেয়েকে পাশের একটি বাসায় রেখে কাজে যান।
সেই সময় শিশুটি ঘরে একা থাকার সুযোগ নিয়ে আসামি মজিবর মৃধা তাকে প্রলোভন দেখিয়ে পাশের আরেকটি খালি বাসায় নিয়ে যান এবং জোরপূর্বক ধর্ষণ করেন।
পরদিন শিশুটি গোপনাঙ্গে প্রচণ্ড ব্যথার কথা জানিয়ে কান্নাকাটি ও চিৎকার শুরু করে। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একই বছরের ১০ ডিসেম্বর হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে হালিশহর থানা পুলিশ ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
পরবর্তীতে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির দীর্ঘ বিচার প্রক্রিয়া শুরু হয়।
কমেন্ট