অপরাধের ধরন পাল্টালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
আদালত কক্ষে পুলিশকে মারধর, যুবকের এক বছরের কারাদণ্ড
বরগুনায় জামিন নামঞ্জুর হওয়ায় বিচারকের উদ্দেশে অশোভন আচরণ ও আদালতের দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে বশির নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলার শুনানি চলছিল। মামলাটিতে অস্থায়ী জামিনে থাকা আসামি বশিরের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আদালতে হট্টগোল করেন এবং বিচারক ও বিচারব্যবস্থা নিয়ে অশোভন মন্তব্য করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালতের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করতে গেলে তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং সিদ্দিক নামের এক পুলিশ সদস্যকে মারধর করেন।
পরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে আদালত তাৎক্ষণিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে বশিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন বিচারক মো. আসাদুজ্জামান।
বরগুনা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, বশিরের জামিন আবেদন নামঞ্জুর হলে তিনি আদালতে হট্টগোল করেন এবং বিচারক ও বিচারব্যবস্থা সম্পর্কে অশোভন মন্তব্য করেন।
পরে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে থামাতে গেলে তিনি তাদের সঙ্গে মারধরে জড়িয়ে পড়েন। এ ঘটনায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কমেন্ট